আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে সমস্যা থাকবে না: জ্বালানি মন্ত্রী
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬ | অনলাইন সংস্করণ

আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর সমস্যা থাকবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।
তিনি বলেন, বর্তমানে সঠিকভাবে জ্বালানি দেশে আসছে। সাময়িকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বিশ্বের বিভিন্ন জায়গাতেও হয়েছে। তবে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় জনগণ যে কষ্ট পেয়েছে, তার জন্য আমরা দুঃখিত।
মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহে বিঘ্ন ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জনগণের কষ্ট লাঘবে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বলেই দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই টিম হিসেবে কাজ করেছেন।
