সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতা গ্রেফতার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশ জানায়, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিও তৈরি করেছিলেন।
ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট তৈরি করে অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। চলাচলে সমস্যা হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোকজন ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী প্রাণ বাঁচাতে টয়লেটে আত্মগোপন করেন।
আবা/এসআর/২৬
