নামফলকে নিজের নাম থাকায় ভবন উদ্বোধন করলেন না এমপি হাসনাত
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

উদ্বোধনী ফলকে নিজের নাম দেখে নতুন একাডেমিক ভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রোববার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠান শেষে নতুন ভবনের নামফলক উন্মোচনের সময় নিজের নাম খোদাই করা দেখতে পান তিনি। এরপর নামফলকে ব্যক্তির নাম ব্যবহারে আপত্তি জানিয়ে ভবনটি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ সময় আয়োজকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের করের টাকায় নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তি বিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ। সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে বলেও জানান তিনি।
আবা/এসআর/২৬
