মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: তথ্য উপদেষ্টা

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারসংক্রান্ত চুক্তির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন পারমাণবিক চুক্তির কোনো প্রভাব পড়বে কি না? এমন প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, আমি মনে করি না পড়বে।

তিনি বলেন, বাংলাদেশ মাত্র পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতে দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বিভিন্ন বিকল্প খোলা রাখা প্রয়োজন। বাংলাদেশ ভবিষ্যতে আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করবে কি না, সে বিষয়টিও এখনই বন্ধ করে দেওয়ার মতো নয়।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে শুধু কেন্দ্র নির্মাণ নয়, জ্বালানি সরবরাহ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট জনবলের প্রশিক্ষণসহ অনেকগুলো বিষয় একসঙ্গে বিবেচনা করতে হয়। এসব বিষয়ে প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ও সহযোগিতা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ এই একটা কাজ শুরু থেকে করেছে, আপনি এটাও খেয়াল করবেন আমেরিকার সঙ্গে রাশিয়ার সংকট ছিল, সমস্যা ছিল। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন।

বাংলাদেশ তার জাতীয় স্বার্থে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্ততা বজায় রাখবে উল্লেখ করে তিনি বলেন, চীন, ভারত, রাশিয়া ও তুরস্কসহ যার সঙ্গে প্রয়োজন, বাংলাদেশের সে দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা থাকবে।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ তার স্বার্থে যেখানে যেখানে প্রয়োজন, চায়নার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, এই যে রাশিয়ার কথা বললাম, টার্কি যার যার সঙ্গে প্রয়োজন বাংলাদেশ তার এনগেজমেন্ট তার সঙ্গে করবে। এটা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি আসলে মনে করি না।

এদিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে জটিলতার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

এ সময় উপদেষ্টা জানান, ইউরেনিয়াম আসবে এবং এতে দেরি হবে না এমন তথ্য তিনি জানেন। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করে অন্য কোনো পথে ইউরেনিয়াম আসবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত না। এ ব্যাপারে সরকারের দিক থেকে বলার কিছু নেই।