মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৮:৪০ | অনলাইন সংস্করণ

বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ অভিযোগ ঘিরে সমালোচনা শুরু হলে সংসদ সদস্য পদ থেকে মিষ্টিকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরমধ্যে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। তিনি পদত্যাগ করায় বিকালে ২৩ নম্বর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
শূন্য আসনটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কেও অনুরোধ করেছে সংসদ সচিবালয়। ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি আসন পায়। এরমধ্যে একটি শূন্য হলো পাঁচ মাসের মাথায়।
বিএনপির বাইরে জামায়াতের জোট থেকে ১৩টি ও স্বতন্ত্র জোট থেকে একটি আসন পেয়েছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন দিয়ে আসনটি পূরণ করা হবে।
তিনি জানান, এ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে; একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এ নির্বাচন কমিশনার বলেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে।
এদিকে দলীয় প্রধানের নির্দেশের পর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় কোনো আইটি জটিলতা নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বিকালে সুপ্রিম কোর্টের নিজ অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি তাকে মনোনয়ন না দিত, তিনি তো আর এমপি হতে পারতেন না। তো দলের প্রধান হিসেবে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যদি কাউকে মনে করেন এবং সংশ্লিষ্ট এমপি যদি সেটা মানেন তো এর মধ্যে তো কোনো দোষের কিছু নেই । এ ধরনের পদক্ষেপ প্রত্যাশিত বলে মনে করেন তিনি।
ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলেও ফের নারী আসনে নির্বাচন করায় কোনো বাধাও নেই বলে জানান রাষ্ট্রের এ আইন কর্মকর্তা।
‘তার আসন শূন্য হলেও পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না। আজ ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন এই সংসদ থেকে পদত্যাগ করেছেন। পরবর্তী সংসদে যদি তিনি সরাসরি নির্বাচন করতে চান, দল যদি তাকে মনোনয়ন দেয় কিংবা যদি নাও দেয় কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এটা কিন্তু তার অযোগ্যতা হবে না।’
বিকালে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তার আসনটি শূন্য হয়ে গেছে। অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।
