বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, নিন্দার ঝড়

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২৩:৩৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লোক পাঠিয়ে ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করা হয়। তবে কে বা কারা এটি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা রং করা ভাস্কর্যের মাথার অংশে রশি দিয়ে জুতার মালা ঝোলানো হয়েছে। এতে ডান পাশে দুটি এবং বাম পাশে তিনটি জুতা বা স্যান্ডেল দেখা যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‌আমরা ফেসবুকে দেখে বিষয়টি জানতে পারি। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। পরে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, পুলিশকে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান বলেন, সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখার পর কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যাই। ভাস্কর্যে জুতার মালা দেখি। পরে সেটি সরানো হয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আবা/এসআর/২৬