১০ এয়ারবাস কিনতে বাংলাদেশ এয়ারলাইন্সের চুক্তি সই
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:৫৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে।
বুধবার (৭ অক্টোবার) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় থাকা চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনা করা হবে। এতে দূরপাল্লার পাশাপাশি আঞ্চলিক রুটে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসাইন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ সিদ্দিক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিক চৌধুরী।
বক্তারা বলেন, এয়ারবাস কেনার এ চুক্তি বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে সহায়তা করবে। এটি বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবে। একই সঙ্গে বিমানের সক্ষমতা ও কর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, নতুন এয়ারবাস বিমানের বহরে যুক্ত হলে বিমানবন্দরের পরিবেশ ও সেবার মান উন্নত হবে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের বন্ধু হিসেবে থাকবে। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে।
আবা/এসআর/২৬
