অনলাইন সংস্করণ
১৫:৫১, ১১ অক্টোবর, ২০২৬
আগামী ২০ নভেম্বর থেকে চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। একই সঙ্গে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ খাতের আরও সম্প্রসারণের বিষয়েও সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে।
রোববার (১১ অক্টোবর) রোসাটমের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে রাশিয়া সফররত বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ। প্রথম ইউনিটের সফলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর এই প্রত্যাশা প্রকল্প সম্প্রসারণের ব্যাপারে নতুন আগ্রহের সৃষ্টি করেছে। এ নিয়ে প্রাথমিক আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার ও জনগণ।
রোসাটমের প্রকৌশল বিভাগ গত ২৮ এপ্রিল রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিংয়ের কাজ শুরু করে। সংস্থাটি জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালুর প্রক্রিয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ ছিল।
২০১১ সালের চুক্তির ভিত্তিতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট (দুটি ইউনিট)। আগামী বছর এর দ্বিতীয় ইউনিটের চালুকরণ কার্যক্রম শুরু হবে বলে এর আগে জানিয়েছিল রোসাটম।
এদিকে, বড় বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি রোসাটমের অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির প্রতিও বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন লিখাচেভ। তিনি জানান, ছোট আকারের এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা নিয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রী খোঁজখবর নিয়েছেন।