পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ এলাকার মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাত ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুনে মার্কেটটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিকেল ৫টা ২ মিনিটে মনসুর খান প্লাজায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় এবং ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় একে একে ১০টি ইউনিট কাজ শুরু করে। এর সঙ্গে একটি স্পেশাল রেসপন্স টিম ও একটি লাইটিং ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, আগুনের সূত্রপাত হয়েছে বিভিন্ন ধরনের পণ্য রাখা গোডাউন থেকে। এসব গোডাউনে কসমেটিকস ও ব্যাগসহ বিভিন্ন মালামাল ছিল। পরে আগুন বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছেন।
তিনি আরও বলেন, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বিশেষ করে ভারী ও পানিবাহী গাড়ি ঘটনাস্থলে নেওয়া এবং বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ কর্মী কাজ করছেন জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। সব মিলিয়ে কয়েক শ মানুষ উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে যুক্ত রয়েছেন।
আবা/এসআর/২৬
