দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ পরামর্শ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সার্বিক নিরাপত্তা, শান্তি ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হতে পারে, সে লক্ষ্যে পূজামণ্ডপের আয়োজক এবং দর্শনার্থীদের জন্য পাঁচ দফা বিশেষ পরামর্শ জারি করেছে বাংলাদেশ পুলিশ। গুজবে কান না দেওয়া, মণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, নির্ধারিত রুটে বিসর্জন প্রদান এবং যেকোনো দরকারে জরুরি নম্বরে যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এসব পরামর্শে।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।

পুলিশের পরামর্শে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো যাবে না। যাচাই ছাড়া কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপে ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ না করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের কথা বলেছে পুলিশ। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন, মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের কথা বলা হয়েছে।