আজ খোলা থাকবে সরকারি অফিস-ব্যাংক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
খোলা থাকায় শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করবেন চাকরিজীবীরা। সচিবালয়সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করবেন। এছাড়া ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে স্বাভাবিক নিয়মে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখার আগের নির্দেশনা বহাল থাকবে। দুর্গাপূজার ছুটির দিনগুলোতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আবা/এসআর/২৬
