পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, আইন ভাঙলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবি প্রধান
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৫:১০ | অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য এখনই মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট ডিসি পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। প্রতিবেদনে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে।
একজন মন্ত্রী অভিযানে গিয়ে পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না- এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, এ বিষয়ে মন্তব্য করব না।
এরআগে, শনিবার বিকেলে ইশরাক হোসেনের ফেসবুক পেজে অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে হাতে হ্যান্ড মাইক ও পিস্তল নিয়ে একদল লোকের পেছনে ধাওয়া করছেন তিনি। একপর্যায়ে পিস্তলের স্লাইড টেনে গুলি করার প্রস্তুতি নিয়ে লোকজনের দিকে অস্ত্র তাক করেন এবং ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করেন।
এ সময় সাদা পোশাকে আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে লোকজনকে ধাওয়া করতে দেখা যায়। রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
একই দিন সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন।
