আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৫:১২ | অনলাইন সংস্করণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও তার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছি না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্পিকার।
আগামী নির্বাচন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে বোঝা যায়, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার বলেন, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর তার আস্থা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে এক সংবর্ধনা অনুষ্ঠানে ‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’ বলে দেওয়া বক্তব্যের ব্যাখ্যাও দেন স্পিকার।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তৎকালীন সরকার এমন পরিবেশ সৃষ্টি করেছিল, যাতে সমাজের ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এ অবস্থার অবসান ঘটাবে।
স্পিকার আরও বলেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশনের উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করা উচিত। এ ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।
ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দ্বীপজেলা ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তার মতে, আপাতদৃষ্টিতে দেশের মোট গ্যাসের মজুতের সমপরিমাণ গ্যাস ইতোমধ্যে ভোলায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া জেলায় আরও বিপুল গ্যাসের ভান্ডার রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোলার গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জানিয়ে স্পিকার বলেন, এ বিষয়ে সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ সম্ভাবনা ভোলাতেই রয়েছে। ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
