ঢাকা থেকে দাম্মাম-রিয়াদ বিমানের সব ফ্লাইট বন্ধ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২২:৫৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের দাম্মাম শহরের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম রুটে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্স সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এর আগে কিছুদিন বন্ধ থাকার পর বুধবার এই রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল সংস্থাটি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা থেকে একটি ফ্লাইট দাম্মামের উদ্দেশে ছেড়ে যায়। ফিরতি ফ্লাইটটি তখনো উড্ডয়নরত ছিল। বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইটটির শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় ২৫ অক্টোবর থেকে চালুর ঘোষণা দেওয়া রিয়াদ রুটের ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান।
অন্যদিকে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।
জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধও জানানো হয়েছে।
এদিকে, বুধবার রাতে বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
আবা/এসআর/২৬
