‘সরকার অনুমতি দিলে পুলিশ ক্রসফায়ারও করবে’: আইজিপি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৫:০৮ | অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন, পরিস্থিতি, আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, পুলিশ সেটাই করবে।
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে কে কখন আসবে বা আসবে না, তা পুলিশের দেখার বিষয় নয় উল্লেখ করে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যদি ‘ক্রসফায়ারের’ প্রয়োজন হয় এবং সরকার যদি তার অনুমতি দেয়, তবে পুলিশ তা বাস্তবায়ন করবে।
পুলিশের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যম ও সমালোচকদের দ্বিমুখী আচরণের বিষয়ে তীব্র আক্ষেপ প্রকাশ করেন আইজিপি। তিনি বলেন, “আমরা লাঠিপেটা করলে বলা হয় ‘ফ্যাসিস্ট পুলিশ’, আর নীরব থাকলে বলা হয় ‘দুর্বল’। পুলিশকে কাজ করার যথাযথ পরিবেশ ও ক্ষমতা দিতে হবে।”
দেশের অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পুলিশের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর হলেও অভ্যন্তরীণ সুরক্ষায় পুলিশই প্রধান ভরসা উল্লেখ করে তিনি কাউকে পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা না করার বিষয়েও সতর্ক করেন।
সামাজিক শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মানসিকতার সমালোচনা করে আইজিপি বলেন, সবার নির্বাচনী ইশতেহারে শান্তির কথা থাকলেও বাস্তবে ‘শালিস মানি কিন্তু তালগাছটা আমার’ নীতি অনুসরণ করা হয়। এ ধরনের মানসিকতা কোনো সমাজকে সুখী ও সমৃদ্ধ হতে দেয় না।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ বাহিনীর কিছু সদস্যের অসাধু কর্মকাণ্ডের সমালোচনা করলেও কথায় কথায় যেকোনো ঘটনার জন্য ঢালাওভাবে পুলিশের ওপর দায় চাপানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান আইজিপি।
