প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২০:৪২ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, গত সোমবার (২৬ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে জাপান যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

সফরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে সহযোগিতার নতুন কাঠামো তৈরি, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়াই এ সফরের লক্ষ্য।