শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৪:১৭ | অনলাইন সংস্করণ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের শিগগিরই নতুন পে-স্কেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী পোস্টে লিখেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন।’

তবে কবে থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে রোববার থেকে নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে।

তবে বেতন নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ আপাতত পুরোনো বেতনকাঠামো অনুযায়ী বেতন পাবেন।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কার্যকরের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদেরও পে-স্কেলের আওতায় আনার কথা জানালেন শিক্ষামন্ত্রী।