২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৭:১৮ | অনলাইন সংস্করণ

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এসময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭০ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৩ জন ও আক্রান্ত বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৪৩৩ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন রোগী।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ১৭ জন ডেঙ্গুরোগী।
