গুলিতে শ্রমিক হতাহতের খবর ভিত্তিহীন : পুলিশ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে দাবি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ আন্দোলনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যেন সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষতি করতে না পারে- সে লক্ষ্যে পুলিশ সংযম, ধৈর্য ও আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করছে।

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তুলতে পুলিশের গুলিতে শ্রমিক বা শিক্ষার্থী আহত-নিহত হওয়ার গুজব ছড়াচ্ছে। তবে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ গুলি চালায়নি এবং এতে কেউ হতাহতও হয়নি।

কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিতে শ্রমিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

পাশাপাশি দুষ্কৃতকারীদের উসকানিতে সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার অনুরোধ জানানো হয়েছে।

 

আবা/এসআর/২৬