পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৪:২৬ | অনলাইন সংস্করণ

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনের নামে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। এসব কর্মকাণ্ডের পেছনে পতিত শক্তির যোগসাজশ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আন্দোলনের নামে এখন যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তারা মূলত পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এসব অপকর্ম করছে। সরকার পরিস্থিতি কঠোর হাতে দমন করবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পোশাক কারখানা বন্ধ করতে উস্কানিমূলক কর্মকাণ্ড চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে। এরইমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এই সিদ্ধান্তে মালিক ও শ্রমিক-উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে। শ্রমিক স্বার্থ সুরক্ষায় সব পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে এই মুহূর্তে তৈরি পোশাক খাতে কোনো ধরনের অস্থিরতা বা অরাজকতা সৃষ্টির সুযোগ নেই।’