শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে চুক্তি চূড়ান্তের বোর্ড মিটিং আজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ | অনলাইন সংস্করণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে আজ (১০ নভেম্বর) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির শর্তাবলি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বেবিচকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সভায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিভিন্ন ধারা ও শর্ত পর্যালোচনা করা হবে। এ সময় চুক্তির খসড়ায় প্রাথমিক অনুমোদন দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

সূত্র আরও জানায়, বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তগুলো পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তবে তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (ওঅ্যান্ডএম) চুক্তিতে জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত কয়েকটি শর্ত নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আপত্তি রয়েছে। এর মধ্যে রাজস্ব ভাগাভাগি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম পরিচালনা, আইন পরিবর্তনের বিষয় এবং নির্মাণগত ত্রুটির দায়ভার কার ওপর বর্তাবে এসব বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে।

এসব শর্ত নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। আজকের বেবিচকের বোর্ড সভায়ও বিতর্কিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হতে পারে।

বেবিচকের এক কর্মকর্তা জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে একাধিক দফা আলোচনার পর চুক্তির একটি সংশোধিত খসড়া প্রস্তুত করা হয়েছে। আজকের সভায় খসড়ার বিভিন্ন শর্ত যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি জানান, বোর্ড সভার অনুমোদনের পরও চুক্তি কার্যকরের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা বাকি থাকবে। এ ক্ষেত্রে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্ধারণে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।