আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৫:৪১ | অনলাইন সংস্করণ

বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের দাবি ও প্রত্যাশা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে উপস্থিত হন।

জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা এবং জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

এর আগে গতকাল তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আগামীকাল বৃহস্পতিবার কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন তিনি।

পাশাপাশি জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রম, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন নিয়েও বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।

এ ছাড়া রয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলুও প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন।

তিন দিনের তুরস্ক সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।