নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২০:০৭ | অনলাইন সংস্করণ

বিমান বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মোট ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে।

তিনি আরও জানান, বিমান বহর আধুনিকায়ন এবং টেকসই মিক্সড ফ্লিট তৈরির লক্ষ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টিসহ মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িং এবং ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এয়ারবাসগুলো বিমানের বহরে যুক্ত হবে।