নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তিনি নিজেই পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগটি সামনে এনেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানিয়েছেন।
এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টে একই দাবি করেছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার ডাংমড়কা এলাকায় বাগোয়ান গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এনসিপি'র কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা, একজন পার্লামেন্ট মেম্বারের গ্রামের বাড়িতে এভাবে পেট্রোল বোমা হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
তালহা বলেন, একজন এমপির বাড়িই যদি এমন হামলার ঝুঁকিতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আবা/এসআর/২৬
