রাজনীতিবিদরাই সুবিধাবঞ্চিত মানুষের দুর্দশার জন্য দায়ী: স্পিকার

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৪:৫৪ | অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, দেশের বিপুলসংখ্যক মানুষের দারিদ্র্য, বৈষম্য ও বঞ্চনার জন্য রাজনীতিবিদরা দায়ী। দেশের প্রশাসন থেকে শুরু করে সমাজ পরিচালনার প্রতিটি ক্ষেত্রে রাজনীতিবিদদের প্রভাব রয়েছে। আমলাদের দোষারোপ করে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। কারণ, আমলারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আজকে বাংলাদেশ যে অবস্থায় রয়েছে এবং এত মানুষ যে সুবিধাবঞ্চিত জীবনযাপন করছেন, এর জন্য রাজনীতিবিদরাই দায়ী। অন্য কেউ নয়। একসময় আমলারা রাজনীতিবিদদের চেয়ে বেশি ক্ষমতাশালী ছিলেন। বিশেষ করে সত্তর ও আশির দশকে প্রশাসনের কর্মকর্তাদের প্রভাব ছিল অনেক বেশি। কিন্তু আশির দশকের পর থেকে ধীরে ধীরে রাষ্ট্র ও সমাজ পরিচালনার মূল চালিকাশক্তি রাজনীতিবিদদের হাতে চলে এসেছে।

শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নন, গ্রামাঞ্চলে রাজনৈতিক দলের ছোটখাটো কর্মীরাও এখন অনেক ক্ষমতা রাখেন। তারা চাইলে মানুষের উপকার করতে পারেন, আবার তাদের কারণে অনেক মানুষের ক্ষতিও হতে পারে। রাজনীতি এখন সমাজের সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। তাই রাজনীতির পরিবর্তন হলেই দেশের পরিবর্তন সম্ভব।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর কিংবা দলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর অনেক সময় নিজেদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের আগ্রহ ও আন্তরিকতা সব সময় দেখা যায় না। অথচ সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষা করা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব হওয়া উচিত। যারা ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেন, তাদের জীবনমান উন্নয়নে রাজনীতিবিদদের সরাসরি ভূমিকা রাখতে হবে।

স্পিকার বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে। দুই বছর আগেও দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ ছিলাম। কিন্তু ২০২৪ সালের জুলাই ও আগস্টে সাধারণ মানুষের শক্তি ও ঐক্য দেখে বিস্মিত হয়েছি। দুর্দান্ত প্রতাপশালী রাজনৈতিক নেতৃত্বও সাধারণ মানুষের আন্দোলনের মুখে টিকে থাকতে পারেনি। রাজনৈতিক দলগুলো এ আন্দোলনের কৃতিত্ব নিতে পারে, কিন্তু সাধারণ মানুষ রাজপথে না নামলে পরিবর্তন সম্ভব হতো না। জনগণের এই শক্তিই বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে বলে বিশ্বাস করি।

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে সুবিধাবঞ্চিত মানুষেরও গুরুত্ব তৈরি হয়। বিশেষ করে নির্বাচনের সময় বস্তিবাসী, দরিদ্র ও সাধারণ মানুষের কাছে রাজনৈতিক নেতাদের যেতে হয়। যাদের অন্য সময়ে কেউ খোঁজ নেন না, ভোটের সময় তাদের কাছেও জনপ্রতিনিধিদের যেতে হয়। কারণ তারাও দেশের নাগরিক এবং তাদের ভোটের মূল্য রয়েছে। এভাবে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকলে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা যদি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে তারাই বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে পারেন। কিন্তু অনেক সময় সংসদ সদস্যরা নিজেদের মনের কথা প্রকাশ করতে সংকোচ বোধ করেন। রাজনৈতিক দলের নেতা অসন্তুষ্ট হবেন কি না, ভোটের ওপর প্রভাব পড়বে কি না কিংবা স্থানীয় প্রভাবশালীরা কী মনে করবেন—এসব চিন্তা তাদের অনেক সময় পিছিয়ে দেয়। এ অবস্থা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থে কথা বলতে হবে। বর্তমান সংসদ একটি নির্বাচিত সংসদ। তাই সংসদ সদস্যদের উচিত জনগণের প্রত্যাশা পূরণে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গঠিত সংসদীয় ককাসের কাজ শুধু দারিদ্র্য ও বৈষম্য নিয়ে আলোচনা করার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। যারা অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারেন না, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও ককাসের বিবেচনায় নিতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের মধ্য থেকেও যেন যোগ্য ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরিতে উদ্যোগ নিতে হবে।

সর্বদলীয় ভিত্তিতে ককাস গঠনকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ককাসের কার্যক্রমে বাধা আসতে পারে। অতীতে বিভিন্ন রাজনৈতিক কারণে সংসদ সদস্যদের সংসদ বর্জন এবং সংসদের কার্যক্রম বাধাগ্রস্ত করার ঘটনা ঘটেছে। এ ধরনের পরিস্থিতি যেন এ ককাসের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সদস্যদের সতর্ক থাকতে হবে।

বর্তমান সংসদ সদস্যদের যোগ্যতার বিষয়ে তিনি বলেন, এবারের সংসদে আগের তুলনায় অনেক যোগ্য ও দক্ষ সংসদ সদস্য রয়েছেন। বিশেষ করে নারী সংসদ সদস্যদের বক্তব্য ও অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। সরাসরি নির্বাচিত হয়ে আসা নারী সংসদ সদস্যরা সংসদে দক্ষতার পরিচয় দিচ্ছেন। এটি দেশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও প্রমাণ। নারীদের জন্য সংরক্ষিত আসনের বর্তমান ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। নারীরা এখন সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদের পরাজিত করে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন। তাই তাদের রাজনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়াতে হবে।

দুর্নীতিকে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে স্পিকার বলেন, দেশের দুর্নীতি প্রতিরোধে সংসদীয় ককাসকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ককাসের প্রথম দিকের উদ্যোগগুলোর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া থাকতে পারে। দুর্নীতির অভিযোগ সামনে এলে তা নিয়ে সংবাদ সম্মেলন করে জনগণের সামনে তুলে ধরতে হবে। দায়িত্বশীল ব্যক্তিরা দুর্নীতিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কথা বলতে হবে। এ ক্ষেত্রে পদ-পদবি বিবেচনা না করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রধান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সূচনা বক্তব্য দেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ ছাড়া সংসদ সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।