বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

তিনি বলেন, ‘আজ সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা নিরীক্ষা করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।’

পবন চৌধুরী আরও বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি (স্বাস্থ্যমন্ত্রী) অফিস করবেন।’

স্বাস্থ্যমন্ত্রীর সবশেষ অবস্থা জানিয়ে হাসপাতালের ডা. ফজলে রাব্বি বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।

 

আবা/এসআর/২৬