রাজনৈতিক পরিস্থিতি ইউপি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ১৪তম কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব ফেলবে কি না— এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করেন না। বরং কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে।

তিনি বলেন, ইউপি নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে। কারণ, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যেতে পারে, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।

এ নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপে আনুমানিক ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে নির্দিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচনের তারিখ জানা যাবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের নিবন্ধনের ক্রমানুসারে আমন্ত্রণ জানানো হবে। মূলত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।