হাসিনাকে প্রত্যর্পণে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানানো হলে সরকার তা বিবেচনা করে জবাব দেবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্ত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তাঁকে সামরিক বিমান পাঠিয়ে নিয়ে আসা এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়ার শর্ত দিয়েছে ভারত।
এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, নো নো, নট অ্যাট অল। এ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো কথাই হয়নি।
সংবাদমাধ্যমে প্রকাশিত এ ধরনের তথ্য সরকার আমলে নিচ্ছে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে কিছু জানানো হলে বাংলাদেশ তা গ্রহণ করবে এবং জবাব দেবে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে পাসপোর্ট না দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা পান না। কেউ সাজাপ্রাপ্ত আসামি হলে বা তাঁর বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা থাকলে সরকার তাঁকে পাসপোর্ট দিতে বাধ্য নয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ চুক্তির আওতায় বাংলাদেশ কয়েক দফায় চিঠি দিয়েছে। শেখ হাসিনাকে কীভাবে ফেরত আনা হবে, তা আইন মন্ত্রণালয় খুঁটিয়ে দেখছে। সরকার মনে করে, তিনি আসামি হিসেবে দেশে ফিরবেন এবং সাজা ভোগ করবেন।
বাংলাদেশ পাসপোর্ট দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দিচ্ছে না কেন—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ভারত কেন বন্দি প্রত্যর্পণ চুক্তির সুযোগ নেবে না, সেই প্রশ্নও করা যায়। ভারত সাড়া দিলে বাংলাদেশের মানুষের জন্য বিষয়টি সহজ হবে।
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মতো নাশকতার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন শামা ওবায়েদ। তাঁর অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। অন্য দেশে বসে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হলে সরকারকে তা মোকাবিলা করতে হবে।
তবে শেখ হাসিনার বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়েও অনেক বড় বিষয়।
দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শামা ওবায়েদ। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রেও একই কথা বলেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ না হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বৈঠকটি বাতিল হয়নি, বরং পিছিয়ে দেওয়া হয়েছে। সচিব পর্যায়ে উপযুক্ত সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সামনে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ভারত সফরের সম্ভাবনার কথাও জানান তিনি। তবে সফরের তারিখ ও বিস্তারিত সময়মতো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হবে।
