গোপালগঞ্জে নাশকতাকারীদের প্রত্যেককে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৫৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায়, একজন সংসদ সদস্যের বাড়িতে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাচ্ছে, মিছিলে সাধারণ মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলি করি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকার নিরীহ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনো নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান, তা নিশ্চিত করতে চায় সরকার।
তিনি বলেন, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।’
সরকার চাইলেই টুঙ্গিপাড়ার নাশকতার জবাব দিতে পারত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘টুঙ্গিপাড়া থানার মধ্যেই ২০০ সদস্য আছে, দুইজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার এবং একজন ওসি রয়েছেন। আমরা যদি হুকুম দিতাম ওখানে এই বৈঠক থেকে বসে, তারা অনেক মানুষকে হতাহত করত, আমরা সেটা চাই না। চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি, পুলিশসহ সবাই অপেক্ষা করছে।’
আবা/এসআর/২৬
