ভাঙ্গায় আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই মহাসড়ক সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শোভাযাত্রা বের করেন। এরপর সন্ধ্যায় হামিরদী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
বিএনপির নেতাকর্মীরা জানান, বাড়ি ফেরার পথে রাজু মোল্লা দুর্বৃত্তদের সামনে পড়েন। তাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করা হয় এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামিরদী ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন মাতুব্বর জানান, বিভিন্ন এলাকা থেকে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামিরদী বাসস্ট্যান্ডে জড়ো হন। তারা তিনটি মোটরসাইকেলে আগুন দেন এবং বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় বাড়ি ফেরার পথে রাজু মোল্লাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান।
অন্যদিকে, ঘটনার সময় এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের কথাও জানা গেছে। রাজু মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পড়ে যান এবং তার কাছাকাছি একটি ককটেল বিস্ফোরিত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ের চামড়া ঝলসে যাওয়ার চিহ্ন ছিল।
আবা/এসআর/২৬
