ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত ভেঙে দেওয়া হবে : প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২২:১৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত পলাতক অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই এই সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত এ দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র— এরা সন্ত্রাসী।
এ সময় পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির যে কোনো পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পর নির্বাচিত সরকার এবার জনগণের অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার কাজ শুরু করেছে। কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যেন অর্থনীতির সুফল ভোগ করতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
আবা/এসআর/২৬
