রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ: হুমায়ুন কবির

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৯:৩২ | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে নিন্দা জানানোর পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টিও রায়ে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।’

তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানিয়েছে আইসিজে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে অধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা প্রথম।

রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও রায়ে এসেছে। এ ছাড়া এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের জন্যও রায়ের কিছু ইতিবাচক প্রভাব রয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যতে কীভাবে এগোনো হবে, সে ক্ষেত্রেও আইসিজের এ রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রায়ের বিস্তারিত বিষয় আগামীকাল ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান তিনি।