অবরোধে অচল সাজেকে একমাসে ক্ষতি ৫০ কোটি টাকা
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৩:০৬ | অনলাইন সংস্করণ

পাহাড়ের মেঘ, সবুজ প্রকৃতি আর পর্যটকদের কোলাহলে মুখর সাজেক এখন নীরব। এক মাস ধরে চলা সড়ক অবরোধ, পর্যটক প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা এবং যান চলাচলে সীমাবদ্ধতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র কার্যত অচল হয়ে পড়েছে।
বন্ধ হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক, চালক ও ক্ষুদ্র উদ্যোক্তা। আয় বন্ধ থাকলেও থেমে নেই ঋণের কিস্তি, বিদ্যুৎ-পানির বিল, রক্ষণাবেক্ষণ ও কর্মচারীদের বেতন দেওয়ার চাপ। পর্যটন মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে গত এক মাসে সাজেকে ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা।
পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অবরোধকারীরা। তবে অবরোধের সঙ্গে শুরুতে যুক্ত থাকা সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন পরে সমর্থন প্রত্যাহার করে। কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতে কিছুটা শিথিলতা এলেও পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় স্বাভাবিক হয়নি সাজেকের অর্থনৈতিক কর্মকাণ্ড।
প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক, প্রতিনিধি দল গঠন ও আলোচনার উদ্যোগেও এখন পর্যন্ত মেলেনি কার্যকর সমাধান। ফলে দীর্ঘ অবরোধে নিরাপত্তা ও দাবি-দাওয়ার সংকট ছাপিয়ে সাজেকের মানুষের জীবিকা ও পর্যটন অর্থনীতি বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।
গত ১১ অক্টোবর সাজেকের পর্যটন সড়কে অবরোধ শুরু হয়। বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে পর্যটক প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
অবরোধ শুরুর সময় সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজে পর্যটকদের আগাম বুকিং ছিল। দুর্গাপূজা ও ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক আগমনের প্রত্যাশা থাকলেও অবরোধের কারণে সেই সম্ভাবনা ভেস্তে যায়। সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া এবং নতুন পর্যটকদের প্রবেশ বন্ধ রাখাই তখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার হয়ে ওঠে।
পরিস্থিতির মধ্যে নিরাপত্তা ব্যবস্থার আওতায় কয়েক দফায় পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরিয়ে নেওয়া হয়। গত ২২ অক্টোবর প্রায় তিন হাজার পর্যটক সাজেক ছেড়ে ফিরে যান। এরপরই সাজেকের পর্যটন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে।
অবরোধের মধ্যে দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে পরিস্থিতি শিথিল করা হয়। ওই সময় পর্যটকদের সাজেকে প্রবেশের সুযোগ তৈরি হলেও পূর্ণাঙ্গ স্বাভাবিকতা ফেরেনি।
পূজার বিরতির পর আবার অবরোধ শুরু হলে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে ওঠে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় প্রশাসন যাতায়াত সীমিত করে এবং পর্যটনকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রাখে।
এরপর বিভিন্ন ধাপে অবরোধ চলতে থাকে। কখনো নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল শিথিল করা হয়, কখনো কৃষিপণ্য ও শিক্ষার্থীদের যাতায়াতের সুযোগ দেওয়া হয়েছে। তবে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় সাজেকের প্রধান অর্থনৈতিক কার্যক্রম আর সচল হয়নি।
সাজেকের পর্যটন উদ্যোক্তা জিয়াউল হক যুবরাজের তিনটি রিসোর্ট রয়েছে। এসব রিসোর্টে কর্মরত ১২ জন কর্মচারীর বেতন গত মাস পর্যন্ত দিতে পারলেও চলতি মাসে এখনো দিতে পারেননি তিনি। পাশাপাশি ব্যাংকঋণের মাসিক ৬০ হাজার টাকা কিস্তিও বকেয়া পড়েছে।
তিনি বলেন, আমার তিনটা রিসোর্ট রয়েছে সাজেকে। এখানে ১২ জন কর্মচারী কাজ করেন। গত মাস পর্যন্ত কর্মচারীদের বেতন দিতে পেরেছি। এ মাসে এখনো বেতন দেওয়া হয়নি। এরপর ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি দিতে হচ্ছে প্রতি মাসে ৬০ হাজার টাকা। সেটাও এ মাসে ডিফল্ট হয়েছে। কীভাবে আয় হবে এবং খরচ মেকআপ করব, সেই চিন্তায় আছি। এদিকে অবরোধ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো আশানুরূপ উদ্যোগ দেখছি না। অবরোধকারীরাও নিজেদের দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে।
অবরোধকারীদের পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে আন্দোলন দীর্ঘায়িত হচ্ছে। দাবিগুলোর মধ্যে সাজেক এলাকায় নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিয়ে আপত্তি, মামলা প্রত্যাহার এবং অন্যান্য সাংগঠনিক ও প্রশাসনিক দাবি রয়েছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় অবরোধ প্রত্যাহার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের অবস্থান এবং প্রশাসনের উদ্যোগের মধ্যে সমন্বয় না হওয়ায় পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে।
অবরোধের প্রভাব এখন সড়ক চলাচলের বাইরেও বিস্তৃত। স্থানীয় মানুষের বাজার, চিকিৎসা, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন এবং কর্মসংস্থানের ওপর পড়ছে এর প্রভাব।
তবে অবরোধের বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির কোনো সংগঠকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অবরোধের শুরুতে আন্দোলনকারী সংগঠনগুলোর সঙ্গে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সম্পৃক্ততা থাকলেও পরবর্তীতে গত ১০ নভেম্বর সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা এক ভিডিও বার্তায় গণমাধ্যমে সেই সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন। এতে আন্দোলনের সাংগঠনিক অবস্থানে নতুন মাত্রা যোগ হয়েছে।
সমর্থন প্রত্যাহারের মধ্য দিয়ে স্থানীয় নেতৃত্বের অবস্থান ও আন্দোলনকারীদের মধ্যে মতপার্থক্যের বিষয়টিও সামনে এসেছে। তবে অ্যাসোসিয়েশনের সমর্থন প্রত্যাহারের পরও অবরোধ অব্যাহত থাকায় পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি।
দীর্ঘ অবরোধের মধ্যে স্থানীয় মানুষের নিত্যপ্রয়োজনীয়তা বিবেচনায় কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াতের যানবাহন চলাচলে কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে। এতে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতও কিছুটা সহজ হয়েছে। তবে এই সীমিত শিথিলতা সামগ্রিক পরিবহন ও পর্যটন কার্যক্রম সচল করার জন্য যথেষ্ট নয়।
পর্যটকদের প্রবেশ বন্ধ এবং বাণিজ্যিক যান চলাচলে সীমাবদ্ধতা থাকায় সাজেকের অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।
পরিস্থিতি সমাধানে প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের বৈঠকে অবরোধ পরিস্থিতি, জনদুর্ভোগ ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ এবং সমঝোতার পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।
পরবর্তী সময়ে হেডম্যানদের নিয়ে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় নেতৃত্ব ও আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমাধানের পথ বের করার চেষ্টা চলছে। তবে এসব উদ্যোগের পরও অবরোধ প্রত্যাহার কিংবা পর্যটন চালুর বিষয়ে এখন পর্যন্ত কার্যকর অগ্রগতি হয়নি। প্রশাসনের আলোচনার উদ্যোগ চললেও মাঠপর্যায়ে অবরোধের প্রভাব অব্যাহত রয়েছে।
এ বিষয়ে প্রতিনিধি দলের সদস্য হেডম্যান কল্যাণ মিত্র চাকমা বলেন, সাজেকের সড়ক অবরোধের ডাক দেওয়া কার্বারীদের একটি সংগঠনের নাম আসে। আমরা পুরো বাঘাইছড়ি উপজেলার হেডম্যান ও কার্বারীদের নিয়ে বৈঠক করেছি। সেখানে উপস্থিত হেডম্যান-কার্বারীরা অবরোধের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেন।
তবে তারা জানান, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন নামে সংগঠনের একমাত্র কার্বারী ছিলেন নতুন জয় চাকমা। আপনারা জানেন, ইতোমধ্যে তিনিও পদত্যাগ করেছেন এবং সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন নামের সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করে অবরোধের সঙ্গে সম্পৃক্ততা ছিন্ন করেছেন। আমরা মাঠপর্যায়ের অবস্থা নিয়ে জেলা প্রশাসকের কাছে আমাদের প্রতিবেদন দাখিল করেছি। এ বিষয়ে এখন জনপ্রতিনিধি ও প্রশাসন মিলে সমাধানের চেষ্টা করছেন।
সাজেকের অর্থনীতি অনেকাংশেই পর্যটননির্ভর। রিসোর্ট, কটেজ, হোটেল, রেস্তোরাঁ, চাঁদের গাড়ি, মাহেন্দ্র, পর্যটক পরিবহন, স্থানীয় দোকান এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ।
অবরোধের কারণে পর্যটকদের আগমন বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানের আয় কার্যত থেমে গেছে। আগাম বুকিং বাতিল, রুম খালি থাকা, পরিবহন চলাচল বন্ধ এবং খাদ্যসামগ্রীর বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
পর্যটন মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্যোক্তাদের ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। রিসোর্ট ও হোটেল পরিচালনার জন্য নিয়মিত বিদ্যুৎ, কর্মচারীদের বেতন, রক্ষণাবেক্ষণ, ঋণের কিস্তি এবং অন্যান্য ব্যয় বহন করতে হচ্ছে; কিন্তু আয় নেই।
পরিবহন ব্যবসায়ীরাও একই সংকটে পড়েছেন। পর্যটক পরিবহনের সঙ্গে যুক্ত চাঁদের গাড়ি, জিপ ও অন্যান্য যানবাহন দীর্ঘদিন চলাচল করতে না পারায় মালিকদের পাশাপাশি চালক ও সহকারীদের আয় বন্ধ হয়ে গেছে।
সাজেকের রুইলুই রিসোর্টের পরিচালক মিশু দে বলেন, সাজেকে প্রায় তিন হাজার পর্যটকের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। হোটেল ভাড়া ও থাকা-খাওয়ার পেছনে জনপ্রতি পাঁচ হাজার টাকা খরচ হিসাব করলে প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার লেনদেন হতো। এছাড়া সাজেকে পরিবহন ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরও বড় আয়ের উৎস পর্যটক।
তিনি বলেন, মৌসুমে পর্যটক ভরপুর থাকলে গত এক মাসে ৪০ থেকে ৫০ কোটি টাকার আর্থিক লেনদেন হতো। অবরোধে সাজেক বন্ধ থাকায় শ্রমিক ও কর্মচারীদের বেতন, পানি ও বিদ্যুতের বিলসহ এখন শুধু খরচের হিসাব কষতে হচ্ছে আমাদের। পরিস্থিতির দ্রুত উন্নতি দরকার।
সাজেকের পর্যটন শুধু বড় রিসোর্ট বা পরিবহন ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, খাবারের দোকান, হস্তশিল্প বিক্রেতা, ফলমূল ও কৃষিপণ্য ব্যবসায়ী, পর্যটকদের বিভিন্ন সেবা দেওয়া মানুষ এবং দিনমজুরদের জীবিকার বড় অংশও পর্যটকদের ওপর নির্ভরশীল।
পর্যটক না থাকায় অনেক দোকান বন্ধ রাখতে হচ্ছে। হোটেল-রেস্তোরাঁর শ্রমিকদের কাজ কমেছে বা বন্ধ হয়েছে। পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। নিয়মিত আয়ের পথ বন্ধ হওয়ায় পরিবার চালানো, দৈনন্দিন খরচ এবং ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবরোধের প্রভাব তাই শুধু ব্যবসায়িক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি স্থানীয় মানুষের জীবিকা, কর্মসংস্থান ও সামাজিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ তৈরি করছে।
সাজেকের পরিবহন ব্যবস্থার লাইনম্যান ইয়াসির আরাফাত। প্রতিদিন দুবার পর্যটকবাহী পরিবহন সাজেক ছেড়ে যাওয়া ও সাজেকে প্রবেশের তদারকি এবং গাড়ির সিরিয়াল নিশ্চিত করা তার কাজ। গত এক মাস ধরে সেই কাজ পুরোপুরি বন্ধ। ফলে বেতন-ভাতাও বন্ধ রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সাজেক থেকে মুঠোফোনে তিনি বলেন, লাইনম্যানের দায়িত্বের পাশাপাশি নিজের একটি টি-স্টল আছে। সেখান থেকেই মূল আয়-রোজগার হতো। যা দিয়ে পরিবার নিয়ে চলতাম। সাজেক বন্ধের সঙ্গে সঙ্গে সবকিছু এখন বন্ধ হয়ে আছে। বিশেষ করে সাজেকের ক্ষুদ্র উদ্যোক্তা এবং স্থানীয় কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবরোধে কৃষিপণ্য পরিবহনের জন্য শিথিলতা থাকলেও বড় ট্রাক বা পিকআপ চলাচল নেই বললেই চলে।
সাজেকের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান বিবেচনা। পর্যটকদের নিরাপদ যাতায়াত এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত না করে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করা কঠিন।
অন্যদিকে দীর্ঘদিন পর্যটন বন্ধ থাকলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান আরও ক্ষতিগ্রস্ত হবে। ফলে নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবিকা সচল রাখার মধ্যে ভারসাম্য তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ।
পর্যটন উদ্যোক্তাদের মতে, দীর্ঘস্থায়ী অচলাবস্থা সাজেকের পর্যটন ভাবমূর্তি এবং ভবিষ্যৎ বুকিংয়ের ওপরও প্রভাব ফেলতে পারে। পর্যটকরা নিরাপত্তা ও যাতায়াতের নিশ্চয়তা না পেলে অন্য গন্তব্য বেছে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়।
অবরোধ দীর্ঘায়িত হলে পর্যটন উদ্যোক্তারা ব্যবসা গোটাতে বাধ্য হবেন বলে জানান সাজেক রিসোর্ট ও কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।
তিনি বলেন, সরকার পরিবর্তনের পর থেকে সাজেকে প্রায় সময় নানা রকম সংকটের উদ্ভব হচ্ছে। বছরের বেশিরভাগ সময় আবহাওয়া পর্যটকদের অনুকূলে থাকে না। মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি- এই চার মাসকে পর্যটনের মৌসুম হিসেবে ধরি আমরা। এবার তো মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অবরোধ শুরু হয়েছে। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার মতো অবস্থা নেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এখানে বিনিয়োগ করেছে সবাই। এর আগে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক উদ্যোক্তা। সেই ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এখন দীর্ঘ অবরোধে ব্যবসা বন্ধ হওয়ার পথে। দ্রুত সংকটের সমাধান না হলে সাজেকের পর্যটন ধ্বংস হয়ে যাবে।
এক মাসের অবরোধে সাজেকের পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। আন্দোলনকারীরা দাবি আদায়ের বিষয়ে অনড়, প্রশাসন আলোচনা ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মাঝখানে কৃষিপণ্য ও শিক্ষার্থীদের চলাচলে কিছুটা ছাড় দেওয়া হলেও পর্যটন কার্যক্রম এখনো বন্ধ।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেকে পর্যটক প্রবেশে বাধার প্রধান কারণ নিরাপত্তা। অবরোধের কারণে নিরাপত্তার সংকট আছে ওখানে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার খবর পেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
দাবি-দাওয়া, নিরাপত্তা, স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের মধ্যে কার্যকর সমঝোতা ছাড়া পরিস্থিতির স্থায়ী সমাধান কঠিন। আলোচনার উদ্যোগকে বাস্তব ফলাফলে রূপ দেওয়া এবং একইসঙ্গে স্থানীয় মানুষের জীবিকা ও পর্যটন অর্থনীতিকে সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি।
