শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির ‘স্বর্ণের পেস্ট’ উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের পেস্টের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)। তাদের মধ্যে সৌরভের বাড়ি মুন্সিগঞ্জে, জুয়েলের নোয়াখালীতে এবং শাওনের কুমিল্লায়।

এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, ১ নম্বর আটক ব্যক্তি সৌদি আরবে নিয়মিত যাতায়াত করেন এবং সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে নিয়ে আসেন। পরে অপর দুই আটক ব্যক্তি ও দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় স্বর্ণ চোরাচালান করা হতো।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

আবা/এসআর/২৬