সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ চলছে

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৫:০৪ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে সরকারপ্রধানের ওই বৈঠক শুরু হয়।

প্রতিনিধি দলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন রয়েছেন।

বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের অংশ হিসেবে সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই বৈঠকের মধ্যদিয়ে সরকারপ্রধানের সংলাপ শুরু হলো।

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেয়া হয়।

যার অংশ হিসেবে পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।