রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৫ | অনলাইন সংস্করণ

বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকারের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। এ সময় প্রতিমন্ত্রী এ অনুরোধ জানান।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি ও বৈচিত্র্যময় করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি রাশিয়ার গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করেন এবং বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকারের অনুরোধ জানান।
এ ছাড়া, তিনি রুশ বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আমন্ত্রণ জানান।
প্রতিমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের সাম্প্রতিক সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের মধ্যে বর্তমানে প্রক্রিয়াধীন চুক্তি বা দলিলগুলো শিগগিরই চূড়ান্ত হবে।
উভয় পক্ষ দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে শিক্ষাবৃত্তি ও অ্যাকাডেমিক বিনিময় খাতে সহযোগিতা।
প্রতিমন্ত্রী ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজতর করার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।
