অগ্নিসন্ত্রাসে আওয়ামী লীগের আসল চরিত্র ফুটে উঠেছে: আইনমন্ত্রী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল চরিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দলটির রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার তার সবই গ্রহণ করবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটা তারাই জাস্টিফাই করছে যে, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেশ এবং গোটা জাতি জানছে যে এই সরকার কোনো ভুল করেনি। কারণ ওদের রাজনীতি হলো জ্বালাও, পোড়াও এবং সন্ত্রাসের। আমরা এসবের বিরুদ্ধে আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব নেব। সরকার সব ধরনের অপরাধের বিচার করতে বধ্যপরিকর।’
ভালো শিক্ষার্থীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘ভালো ছাত্ররা রাজনীতিতে না এলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না।’
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
