সাত দফা দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৬:১০ | অনলাইন সংস্করণ

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে দলটি।
রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট উপজেলা ও থানা শাখার নেতাকর্মীদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে।’’
বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।
বিবৃতিতে আগামীকাল দেশের সব উপজেলা ও থানায় পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
