স্বৈরাচার হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে: তারেক রহমান

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু জুলাই-আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। আহত হয়েছেন হাজারও ছাত্র-জনতা। এছাড়া বিগত ১৬ বছরে আমাদের লাখও নেতাকর্মী দলটির নির্যাতনের শিকার হয়েছেন। যেকোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তারা পালাতে বাধ্য হয়েছে। অবশ্যই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। যদি বিচার না হয়, তাহলে খুন-গুমকারীরা আরও উৎসাহ পাবে।

তিনি বলেন, শহীদদের আত্মার মর্যাদা দিতে হলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ৩১ দফা দিয়েছে বিএনপি। রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য বিএনপি আড়াই বছর আগেই সংস্কারের কথা বলেছে। কারণ বিএনপি বিশ্বাস করতো স্বৈরাচারের বিদায় হবেই।

তারেক রহমান বলেন, কিছু মানুষ সংস্কর-সংস্কার বলে সকল প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদের দেখতে হবে এটি কোনো ষড়যন্ত্র কিনা। বিষয়টিকে দীর্ঘায়িত করলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো, তত দ্রুত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো।  

তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত জনগণের সরকার উপহার দিতে না পারবো- ততদিন আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। কিছু মানুষ আমাদের ভেতরে ডুকে বিভ্রান্তি ছড়াতে চাইছে। এ বিষয়ে সচেতন হতে হবে।

 

আবা/এসআর/২৫