জাতীয় ঐকমত্য কমিশন-বিএনপির প্রথম সভা আজ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সভা চলবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে বিএনপি।
তিনি আরও জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে।
এর আগে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। যার সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সহ-সভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ।
আবা/এসআর/২৫
