নুরুল হকে নুরের ওপর হামলা
যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল গণঅধিকার পরিষদ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
রাশেদ খান বলেন, যারা অন্যায় করেছে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেরাও করব। আর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।
তিনি আরও বলেন, এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকার পরেও হামলাকারীদের গ্রেফতার করা হয়নি। আমরা সন্দিহান যে, তাদের গ্রেপ্তার করা হবে কি না। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের কাছে তদন্ত করতে এখনও আসেনি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, সরকারের ঘোষণার পরও নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে।
দলটির নেতারা বলেন, নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যপারে সরকারের ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং পরিবারের উদ্যোগে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে।
নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে বলে জানান তারা।
