মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২১:০৩ | অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গুলশানে পৌঁছান।

এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

এর আগে, সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও কিছু সময় কাটানো শেষে গুলশানের বাসার উদ্দেশ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তিনি।

এদিন সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে উপস্থিত হন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এর আগে, বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট সড়কসংলগ্ন গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। সেখানে লক্ষাধিক মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দেশের গণতন্ত্র রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।