ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪২ | অনলাইন সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। ঠাকুরগাঁওয়ের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার সুযোগ চান তিনি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।
নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে সর্বোচ্চ পাঁচজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব।
এদিকে একই দিনে ঠাকুরগাঁও-২ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসন থেকে জামায়াত প্রার্থী মিজানুর রহমান মাস্টারও নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
