আপিলও খারিজ

বিএনপির গফুর ভূঁইয়াও নির্বাচন করতে পারবেন না

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফেরানোর শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, গত ২২ জানুয়ারি মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

গফুর ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। ওইদিন বিকেলে নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেয়।

এর আগে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে দেয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, এর আগে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী এবং বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিটও খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। ফলে তিনিও আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছেন না।