জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট হ্যাক’ ইস্যুতে প্রতিক্রিয়া জানাল বিএনপি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ বিষয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। আর যদি অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে, তাহলে কেন সঙ্গে সঙ্গে জনগণকে জানানো হয়নি—১২ ঘণ্টা পরে গিয়ে কেন সাধারণ ডায়েরি (জিডি) করা হলো, সে প্রশ্নও তোলেন তিনি।

মাহদী আমিন আরও বলেন, এটি (জামায়াত আমিরের এক্স পোস্ট) নারী বিদ্বেষী, সত্য হলে আমরা নিন্দা জানাচ্ছি। এর আগেও তাদের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।  

তিনি অভিযোগ করেন, জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, তারা বিভিন্ন সময়ে নারীদের ছোট করে কথা বলেছে। এমনকি তাদের কোনও নারীকে প্রার্থী করা হয়নি, অথচ নির্বাচনী প্রচারণায় তারা নারীদের ব্যবহার করছে। তারা বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলা চালাচ্ছে। নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে, তারা অনেকদিন থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল।

তিনি আরও বলেন, এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের সঙ্গে বিশেষ একটি দল জড়িত। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি; তারা চরম বাড়াবাড়ি করেছে।

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই কাজটি করা হয়েছে। এটি ওই দলেরই চক্রান্ত। তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সাথে জড়িত।