বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হেলিকপ্টার যোগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে পৌঁছাবেন আমির। এরপর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
এনসিপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও স্থানীয় জামায়াত ও এনসিপির নেতারা জনসভায় উপস্থিত থাকবেন।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার জানান, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আশা করা হচ্ছে, জনসভায় ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষ অংশ নেবে।
এনসিপির জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া জানান, আমাদের কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কুড়িগ্রামে ৪টি আসনের জোটের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে কাজ করছি।
এদিকে জামায়াত আমিরের জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।
