ক্ষমতায় গেলে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে: জামায়াত আমির
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করা হবে এবং নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার পৌর শহরের বাহারছড়ায় মুক্তিযোদ্ধা (গোলচক্কর) মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় গোপনে আমার পেছনে লাগা হয়েছে। পেছনের লোকেরা পেছনে পড়ে থাকবে, আমরা ক্ষমতায় গেলে নারীদের মাথার ওপর তুলে মর্যাদা দিয়ে রাখা হবে।
তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে সবখানেই ইনসাফ কায়েম করা হবে। ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ। সবকিছু ক্ষমা করা হলেও জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে।
১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী ‘নতুন বাংলাদেশ’ পাবে জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার সুব্যবস্থা করা হবে। ইনসাফের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ।
আসন্ন নির্বাচন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০১৮ বা ২০২৪ এর নির্বাচন নয়। এ নির্বাচন জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের নির্বাচন।
হেভিওয়েট ১২ তারিখ মাপা হয়ে যাবে উল্লেখ করে জামায়াত প্রধান বলেন, কক্সবাজারের অনেক আসনে নাকি হেভিওয়েট প্রার্থী আছে। তারা আমাদের প্রার্থীকে ভয় দেখাচ্ছে। আমাদের দাঁড়িপাল্লায় রায় দিয়ে তাদের ওয়েট মাপবে জনগণ।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের দাবি ছিল কাজ, বেকার ভাতা নয়। শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দিয়ে বলবো, এবার এগিয়ে যাও। কাজের মধ্য দিয়ে প্রমাণ করো তুমিই বাংলাদেশ।
কক্সবাজার কেন সিঙ্গাপুর ও সাংহাই হতে পারলো না—এমন প্রশ্ন রেখে ডা. শফিকুর রহমান বলেন, কক্সবাজারের চারটি আসন ১১ দলকে তুলে দিলে নুরের মেলায় একটি সুশৃঙ্খল পর্যটন জেলা উপহার দেওয়া হবে।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারির সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন— জাগপা নেতা রাশেদ প্রধান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে ১২টার দিকে মহেশখালীতে হেলিকপ্টার যোগে অবতরণের পর পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।
দলীয় প্রার্থী এ.এইচ.এম হামিদুর রহমান আযাদকে পরিচয় করিয়ে দিয়ে তিনি ভোট চাওয়ার পাশাপাশি বলেন, ‘মহেশখালীকে একটি স্মার্ট জোন করার জন্য যা করা প্রয়োজন এখানে তাই করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন, কিন্তু এরকম পিছিয়ে পড়া আমার নজরে খুব কম এসেছে। আমাদের হামিদুর রহমান আযাদের পাশে থাকুন আমরা আপনাদের আস্থার প্রতিদান দেবো ইনশাআল্লাহ।’
