জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। প্রায় ২০ বছর পর এবং দলীয় প্রধান হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।

এদিকে, তারেক রহমানের আগমন ঘিরে বরিশাল নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। শহড়ের সড়কের দুপাশে ছেয়ে গেছে ব্যানার প্ল্যাকার্ডে। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় ভিড় জমে। বরিশাল বিভাগের ৬ জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন। 

বিএনপির স্থানীয় নেতাদের মতে, তারেক রহমানের মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটবে।

তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসায় দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান দলের নেতারা।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। মাঠ ও আশপাশের এলাকায় কড়া নজরদারিতে রয়েছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।