এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীের আমির ডা. শফিকুর রহমান তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‌‌‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।’

তিনি আরও বলেন ‘আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।’

জামায়াত আমির বলেন, ‘আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।’

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। এরপর দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, ৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে হঠাৎ করে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয় এবং কিছুক্ষণ পর ওই আইডি থেকে একটি অপ্রত্যাশিত ও নারী অবমাননাকর পোস্ট প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসতেই জামায়াতের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার দিকে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। তবে ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্টটি নিয়ে অপপ্রচার শুরু হয়।

ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। জামায়াত অভিযোগ করে, তদন্তে তারা জানতে পারে যে, তাদের কেন্দ্রীয় অফিসিয়াল ই-মেইলসহ একাধিক ঠিকানায় একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল, যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওই ফিশিং মেইলটি বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো হয়েছিল।

এ ঘটনার প্রতিক্রিয়া না পেয়ে জামায়াতের প্রতিনিধি দল সরাসরি বঙ্গভবনে গিয়ে অভিযোগ জানায়। সেখানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী জানান, বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে। তিনি দ্রুত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এরপর, গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।