বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ | অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন রুহুল কবির রিজভী।
যোগদানের পর আবদুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। তিনি নতুন যোগদানকারীদের স্বাগত জানান।
উল্লেখ্য, জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী হিসেবে আবদুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টি পদে শিবির-সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হলেও শীর্ষ পদে জয়লাভ করে আলোচনায় আসেন আবদুর রশিদ জিতু। তিনি বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
